শেষ দিনেও উত্তাল স্বনির্ভর বাংলা শিবির, যুবসাথী প্রকল্পের আবেদনের সময়সীমা বাড়ছে কী?

শেষ দিনেও উত্তাল স্বনির্ভর বাংলা শিবির, যুবসাথী প্রকল্পের আবেদনের সময়সীমা বাড়ছে কী?

কলকাতা

রাজ্য সরকারের ঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বৃহস্পতিবারই পর্দা নামছে ‘স্বনির্ভর বাংলা’ শিবিরের। তবে শেষ লগ্নে এসেও যুবসাথী প্রকল্পের আবেদন জমা দিতে উপচে পড়া ভিড় নতুন জল্পনার জন্ম দিয়েছে। সাধারণ মানুষের একটাই প্রশ্ন, এই বিপুল চাহিদার কথা মাথায় রেখে সরকার কি শিবিরের মেয়াদ আরও কয়েকদিন বাড়িয়ে দেবে?

নবান্ন সূত্রে খবর, বুধবার পর্যন্ত যুবসাথী প্রকল্পের সুবিধার জন্য মোট ৭৬ লক্ষ ৭৭ হাজার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সিংহভাগ মানুষ অর্থাৎ প্রায় ৬১ লক্ষ ৩৮ হাজার জন সরাসরি শিবিরে গিয়ে নাম নথিভুক্ত করেছেন। বাকি ১৫ লক্ষ ২৭ হাজার আবেদন জমা পড়েছে অনলাইন পোর্টালে। জেলাভিত্তিক পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা জেলা আবেদনের নিরিখে শীর্ষে রয়েছে, যেখানে ৭ লক্ষের বেশি মানুষ আবেদন জানিয়েছেন। অন্যদিকে কালিম্পং জেলা থেকে এসেছে সবচেয়ে কম আবেদন।

যুবসাথী ছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার এবং খেতমজুরদের আর্থিক সহায়তার মতো প্রকল্পগুলিতেও লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে। ভিড়ের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্মীদের। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালেই উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছে রাজ্য প্রশাসন। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যে শিবিরের সময়সীমা বাড়ানো হবে কি না। লক্ষ লক্ষ আবেদনকারীর নজর এখন নবান্নের সেই সিদ্ধান্তের দিকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *