শিলিগুড়ি থেকেই প্রার্থী হতে চান গৌতম দেব? প্রার্থীতালিকা প্রকাশের আগেই শুরু দেওয়াল লিখন

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। বুধবার শিলিগুড়ি পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডে নিজের পাড়ায় দেওয়াল লিখে নির্বাচনী প্রচার শুরু করলেন মেয়র গৌতম দেব। তৃণমূল কংগ্রেসের আনুষ্ঠানিক প্রার্থীতালিকা ঘোষণার আগেই তাঁর এই সক্রিয়তা রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
গত বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে পরাজিত হলেও, এবার নিজের জন্মভূমি শিলিগুড়ি থেকেই প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন গৌতম দেব। তিনি স্পষ্ট জানান, ডাবগ্রাম-ফুলবাড়িতে সরকারের ব্যাপক উন্নয়ন সত্ত্বেও লোকসভা ও বিধানসভা নির্বাচনে দলের পরাজয় তিনি মেনে নিতে পারছেন না।
প্রার্থিত্ব প্রসঙ্গে মেয়র জানান, জীবনে ১১টি নির্বাচনে লড়াই করে মাত্র একটিতে হেরেছেন তিনি। দল সুযোগ দিলে সাধারণ মানুষের আশীর্বাদ নিয়ে পুনরায় বিধানসভায় যেতে চান। বর্তমানে শিলিগুড়ির মেয়রের দায়িত্বে থাকা গৌতম দেবের এই আগাম প্রচারকে কেন্দ্র করে তুঙ্গে উঠেছে জল্পনা।