জামালপুরে সরকারি প্রকল্পের ফর্ম জমা দিতে জনজোয়ার, ভিড় সামলাতে তৎপর প্রশাসন ও জনপ্রতিনিধি

পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক অফিসে যুব সাথী ও ভূমিহীন কৃষক প্রকল্পের ফর্ম তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়েছে। এদিন বেড়ুগ্রাম, জোতশ্রীরাম এবং জারগ্রাম—এই তিনটি অঞ্চলের হাজার হাজার মানুষ ব্লক অফিসে ভিড় জমান। উপচে পড়া ভিড়ের কারণে লাইন সংলগ্ন প্রধান রাস্তায় পৌঁছে যাওয়ায় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় পুলিশ প্রশাসনকে হিমশিম খেতে হয়।
জনসমাগম নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করেন বিডিও পার্থ সারথী দে এবং জামালপুর ব্লক তৃণমূল সভাপতি মেহেমুদ খাঁন। যানজট নিরসনে এবং ব্লকের ভেতরে অতিরিক্ত কাউন্টার খুলে দ্রুত পরিষেবা নিশ্চিত করতে তারা সরাসরি তদারকি করেন। বিডিও জানান, ভিড় সামলাতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। প্রতিটি ক্যাম্পে যথাযথ পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে যাতে সাধারণ মানুষ কোনো ভোগান্তি ছাড়াই ফর্ম জমা দিতে পারেন।
মেহেমুদ খাঁন বলেন, সরকারি প্রকল্পের সুবিধা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সকলে লাইনে দাঁড়িয়েছেন। অযথা হুড়োহুড়ি না করার অনুরোধ জানিয়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জনমুখী উদ্যোগের প্রশংসা করেন। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই জনসমাগম প্রকল্পের সাফল্যকেই প্রতিফলিত করছে। প্রশাসনিক তৎপরতায় শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সুষ্ঠুভাবে ফর্ম বিলি ও জমা নেওয়ার কাজ সম্পন্ন হয়।