এসআইআর আবহে চাঞ্চল্য রানীগঞ্জে! ডাস্টবিনে মিলল শয়ে শয়ে ভোটার কার্ড

এসআইআর আবহে চাঞ্চল্য রানীগঞ্জে! ডাস্টবিনে মিলল শয়ে শয়ে ভোটার কার্ড

রানীগঞ্জের চিনকুটি মোড় এলাকায় আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ ভোটার কার্ড। রাজ্যে যখন এসআইআর প্রক্রিয়া চলছে, ঠিক সেই সময় এমন ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। উদ্ধার হওয়া কার্ডগুলির মধ্যে নিজের নাম দেখে রীতিমতো তাজ্জব বনে গিয়েছেন স্থানীয় এক যুবক।

আসল না জাল? দানা বাঁধছে রহস্য

স্থানীয় বাসিন্দারা বুধবার সন্ধ্যায় প্রথম আবর্জনার স্তূপে এই কার্ডগুলি পড়ে থাকতে দেখেন। খবর চাউর হতেই সেখানে ভিড় জমে যায়। ওই যুবকের দাবি, তার আসল ভোটার কার্ডটি বাড়িতে সুরক্ষিত রয়েছে, অথচ সেই একই কার্ড ডাস্টবিনে এল কীভাবে? তবে কি এগুলি ভুয়ো কার্ড? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জনমনে।

প্রশাসনের গাফিলতির অভিযোগ

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্ত কার্ড বাজেয়াপ্ত করেছে। এলাকার প্রাক্তন কাউন্সিলর আরিশ জালাল এই ঘটনায় সরাসরি প্রশাসনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন। তিনি বলেন, “এসআইআর চলাকালীন ডাস্টবিনে কার্ড পাওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।”

উল্লেখ্য, এর আগেও সল্টলেক বা কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একই ভাবে ভোটার কার্ড উদ্ধারের ঘটনা ঘটেছিল। রানীগঞ্জের এই ঘটনা সেই রহস্যকে আরও উসকে দিল। পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে কার্ডগুলি কোথা থেকে এল এবং এর পেছনে কোনো বড় চক্র কাজ করছে কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *