ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় সরব মুখ্যমন্ত্রী

ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কায় সরব মুখ্যমন্ত্রী

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ পড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, লজিক্যাল ডিসক্রিপেন্সির অজুহাতে প্রায় ১ কোটি ২০ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। এই গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে তিনি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতের নির্দেশ সত্ত্বেও নাম বাদ দেওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকায় ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, তিনি কোনও নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় বা ধর্ম না দেখে প্রতিটি নাগরিকের ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর।

একই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী রাজ্যের পরিকাঠামো ও জনকল্যাণে ৮৫০ কোটি টাকারগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সাড়ে ১২ লক্ষ পড়ুয়াকে সাইকেল প্রদান, ফুরফুরা শরীফে ১০০ শয্যার হাসপাতাল এবং বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদের ওপর নতুন সেতু। এছাড়া আলিপুরদুয়ারে ক্রিটিক্যাল কেয়ার ব্লক, ১২০টি নতুন সিএনজি বাস এবং মালদায় ভূগর্ভস্থ কেবল নেটওয়ার্কের মতো একাধিক নাগরিক পরিষেবা ভিত্তিক প্রকল্পের সূচনা করেন তিনি। শরণার্থী কলোনিগুলিকেও বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

সাংস্কৃতিক সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী জৈন ধর্মের সঙ্গে বাংলার ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করেন। সল্টলেকে ৩১ কোটি টাকা ব্যয়ে সব সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য একটি আধুনিক কেন্দ্র তৈরির কথা ঘোষণা করেন তিনি। ভবানীপুরকে ‘মিনি ইন্ডিয়া’ আখ্যা দিয়ে তিনি জানান, সব ধর্মের মানুষের সহাবস্থানই রাজ্যের প্রকৃত শক্তি। অনুষ্ঠান শেষে তিনি নিজের কোটা থেকে ২১ জন যুবকের হাতে নিয়োগপত্র তুলে দিয়ে তাঁদের স্থায়ী কর্মসংস্থানের আশ্বাস দেন এবং উৎসবের মরসুমে সকলকে শুভেচ্ছা জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *