ডোনাল্ড ট্রাম্পকেও হেলায় হারালেন নরেন্দ্র মোদী! ডিজিটাল দুনিয়ায় বিশ্বরেকর্ড গড়ে ভারতের প্রধানমন্ত্রীর নয়া নজির

বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও ভারতের জয়জয়কার। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় এবার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের তাবড় তাবড় নেতাদের পিছনে ফেলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইনস্টাগ্রামে ১০ কোটির ফলোয়ার সংখ্যা ছুঁয়ে এক অনন্য ইতিহাস সৃষ্টি করলেন তিনি, যা এর আগে কোনও বিশ্বনেতার পক্ষে সম্ভব হয়নি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আকাশছোঁয়া জনপ্রিয়তার সামনে ফিকে হয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। পরিসংখ্যান বলছে, ট্রাম্পের বর্তমান ফলোয়ার সংখ্যা প্রায় ৪.৩ কোটি, যা মোদীর তুলনায় অর্ধেকেরও কম। শুধু তাই নয়, বিশ্বের পরবর্তী পাঁচজন শীর্ষ নেতার মোট ফলোয়ার সংখ্যা একত্রিত করলেও তা মোদীর একার জনপ্রিয়তার ধারেকাছে পৌঁছাতে পারছে না। বর্তমানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো, ব্রাজিলের প্রেসিডেন্ট এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের মতো নেতারা তালিকার অনেক নীচে অবস্থান করছেন।
২০১৪ সালে ইনস্টাগ্রামে পা রাখার পর থেকে গত এক দশকে মোদীর প্রোফাইলটি বিশ্বের অন্যতম সক্রিয় ও এনগেজমেন্ট-সমৃদ্ধ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা এই বিপুল সাফল্যের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতের অভ্যন্তরেও মোদীর ধারেকাছে কেউ নেই। দেশের মধ্যে জনপ্রিয়তার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (১.৬১ কোটি) এবং তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (১.২৬ কোটি)।
উল্লেখ্য, এর আগে মাইক্রো-ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)-এও ১০ কোটির গণ্ডি পার করে রেকর্ড গড়েছিলেন প্রধানমন্ত্রী। গত তিন বছরেই সেই প্ল্যাটফর্মে তাঁর ৩ কোটি নতুন ফলোয়ার বেড়েছে। ইজরায়েল সফরের প্রাক্কালে ইনস্টাগ্রামে এই ১০ কোটির মাইলফলক স্পর্শ করাকে মোদীর ব্যক্তিগত ক্যারিশমা এবং আধুনিক রাজনৈতিক যোগাযোগের এক ঐতিহাসিক জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল।