স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙার গুঞ্জনের মাঝেই পলাশ মুচ্ছলের পাশে দাঁড়ালেন ডেইজি শাহ

ভারতীয় নারী দলের তারকা ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে সঙ্গীতশিল্পী পলাশ মুচ্ছলের বিয়ে ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল নেটপাড়ায়। অভিযোগ উঠেছিল, বিয়ের আগের রাতে অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা পড়েছিলেন পলাশ। শুধু ব্যক্তিগত জীবনই নয়, আর্থিক প্রতারণার অভিযোগে পুলিশি মামলার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তবে এই কঠিন সময়ে পলাশের ঢাল হয়ে দাঁড়ালেন অভিনেত্রী ডেইজি শাহ।
পলাশকে দীর্ঘদিনের চেনা বন্ধু হিসেবে উল্লেখ করে ডেইজি জানান, তিনি পলাশের পরিবারের সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ। অভিনেত্রী বলেন, “ও খুব ভদ্র এবং ভালো মনের ছেলে। আমি ওকে অনেকদিন ধরে চিনি। পলাশ এবং ওর পরিবার অত্যন্ত আধ্যাত্মিক ও বিশ্বাসী। এমন পরিবেশে বড় হওয়া মানুষরা সাধারণত নেতিবাচক কিছু করতে পারে না।”
স্মৃতি ও পলাশের রাজকীয় বিয়ের আসর বসার কথা ছিল গত বছরের ২৩ নভেম্বর। মেহেন্দি থেকে গায়ে হলুদ—সব অনুষ্ঠানই সারা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ের আসর বাতিল করা হয়। প্রথমে স্মৃতির বাবার অসুস্থতার কথা বলা হলেও, পরে পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সামনে আসে। এমনকি ৪ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগে সাঙ্গলি পুলিশের দ্বারস্থ হন বিদ্যান মানে নামে এক ব্যক্তি। যদিও বম্বে হাইকোর্ট এই মামলায় পলাশকে কিছুটা স্বস্তি দিয়েছে এবং অভিযোগকারীকে মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
সমস্ত বিতর্ক কাটিয়ে পলাশ এখন তাঁর নতুন ছবি ‘নজরিয়া’ নিয়ে ব্যস্ত। এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন শ্রেয়স তলপাড়ে এবং ডেইজি শাহ। নতুন কাজের ঘোষণা হতেই ফের চর্চায় উঠে এসেছেন পলাশ। তবে ডেইজির এই প্রকাশ্য সমর্থন তাঁকে নতুন করে লড়াই করার অক্সিজেন জোগাবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।