মোদির জন্য ভারতীয় সাজে নেতানিয়াহু, ইজরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন ভারতের প্রধানমন্ত্রী

মোদির জন্য ভারতীয় সাজে নেতানিয়াহু, ইজরায়েলি পার্লামেন্টে দাঁড়িয়ে ইতিহাস গড়লেন ভারতের প্রধানমন্ত্রী

কূটনীতির আঙিনায় এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী থাকল গোটা বিশ্ব। বন্ধু নরেন্দ্র মোদিকে চমকে দিতে খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গায়ে জড়িয়ে নিলেন ভারতীয় পরম্পরার পোশাক। বুধবার গভীর রাতে সমাজমাধ্যমে নেতানিয়াহুর সেই বিশেষ লুক এবং হিন্দিতে লেখা পোস্ট ঘিরে এখন নেটদুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, শার্ট-প্যান্টের ওপর হাফ হাতা জ্যাকেট বা মোদি কোট পরে হাসিমুখে এগিয়ে আসছেন নেতানিয়াহু। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দন করার সেই মুহূর্তটি শেয়ার করে তিনি হিন্দিতে লিখেছেন, “আমাদের নৈশভোজের ঠিক আগে আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকে চমকে দিয়েছি।” কেবল পোশাক নয়, মোদির এই সফর ভারত-ইজরায়েল সম্পর্কের সমীকরণকেও এক নতুন উচ্চতায় নিয়ে গেল।

ইজরায়েলি পার্লামেন্টে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী

ইতিহাস গড়ে ইজরায়েলের পার্লামেন্ট ‘কেনেসেট’-এ ভাষণ দিলেন নরেন্দ্র মোদি। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। সেখানে দাঁড়িয়ে গাজা প্রসঙ্গে ভারতের অবস্থান অত্যন্ত স্পষ্ট করে দেন মোদি। একদিকে হামাস হামলার তীব্র নিন্দা করলেও, অন্যদিকে গাজায় শান্তি ফেরানোর ওপর বিশেষ জোর দেন তিনি। ইজরায়েলি আইনপ্রণেতাদের সামনেই তিনি জানান, আলোচনার মাধ্যমেই দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব।

পাকিস্তানকে কড়া বার্তা এবং বিশেষ সম্মান

নাম না করে পাকিস্তানের সন্ত্রাসবাদকেও বিঁধেছেন প্রধানমন্ত্রী। তিনি সাফ জানান, জঙ্গি কার্যকলাপের সপক্ষে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়। মোদির এই কূটনৈতিক দূরদর্শিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছে ইজরায়েল। কেনেসেটের স্পিকার আমির ওহানা প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন সে দেশের বিশেষ সম্মান ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’।

ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অফ পিস’-এর বৈঠকে ভারত পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার পর মোদির এই সফর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকেই আরও একবার প্রমাণ করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *