আইএসএলে চার্চিল ব্রাদার্সকে অন্তর্ভুক্তির চেষ্টা: ১২ ক্লাবের মতামত চাইল ফেডারেশন

চলমান ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) পিছনের দরজা দিয়ে গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্সকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া ঘিরে সরগরম ভারতীয় ফুটবলমহল। লিগের খেলা শুরু হয়ে যাওয়ার পরেও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ ১২টি ক্লাবকে চিঠি দিয়ে এই বিষয়ে তাদের মতামত জানতে চেয়েছেন। প্রতিযোগিতার মাঝপথে এই ধরণের পদক্ষেপে হতবাক ফুটবল বিশেষজ্ঞরা।
জানা গেছে, এফসি গোয়া এবং এসসি দিল্লি ইতিপূর্বেই চার্চিল ব্রাদার্সকে নেওয়ার পক্ষে সওয়াল করে ফেডারেশনকে চিঠি পাঠিয়েছিল। সেই চিঠির সূত্র ধরেই ফেডারেশন বাকি ক্লাবগুলোর অবস্থান স্পষ্ট করতে চাইছে। যদিও এর আগে ক্লাবগুলো একযোগে চার্চিলকে নেওয়ার বিরোধিতা করেছিল, তবুও হঠাৎ করে কিছু ক্লাবের অবস্থান পরিবর্তন ও উচ্চপর্যায়ের চাপে এই প্রক্রিয়া পুনরায় সচল হয়েছে।
আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা থেকে শুরু করে চার্চিলের আইএসএল খেলার দাবি—পুরো বিষয়টি ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পেশাদার লিগের মাঝপথে এভাবে নিয়ম ভেঙে কোনো দলকে নেওয়ার চেষ্টা ভারতীয় ফুটবলের প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। পরিস্থিতির চাপে ম্যানেজিং কমিটির সদস্যদের পদত্যাগ এই বিতর্ককে আরও উসকে দিয়েছে।