জলপাইগুড়িতে আলু ফেলে বিজেপি কিষাণ মোর্চার বিক্ষোভ, তুঙ্গে রাজনৈতিক তরজা

জলপাইগুড়ির রাহুতবাগান এলাকায় কৃষকদের ফসলের ন্যায্য মূল্য ও দুরাবস্থার দাবিতে সরব হল বিজেপি কিষাণ মোর্চা। সংগঠনের রাজ্য সভাপতি রাজীব ভৌমিকের নেতৃত্বে এক কর্মী সম্মেলনের পর রাজ্য সড়কে আলু ফেলে বিক্ষোভ দেখান দলীয় কর্মীরা। উপস্থিত ছিলেন বাপি গোস্বামী ও শ্যামল রায়ের মতো শীর্ষ নেতারা।
বিক্ষোভ সভায় রাজীব ভৌমিক অভিযোগ করেন, রাজ্য সরকারের উদাসীনতায় আলু চাষিরা আজ দিশেহারা। অবিলম্বে আলুর ন্যূনতম সহায়ক মূল্য (MSP) নির্ধারণের দাবি জানানোর পাশাপাশি তিনি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন। আসন্ন নির্বাচনের আগে কর্মীদের এখন থেকেই কোমর বেঁধে ময়দানে নামার নির্দেশ দিয়েছে বিজেপি নেতৃত্ব।
বর্তমানে পাইকারি বাজারে আলুর দাম কুইন্টাল প্রতি ৮৬২ টাকার আশেপাশে থাকলেও খুচরো বাজারে তা কেজি প্রতি ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে মার্চের শুরুতে হিমঘরগুলি খুললে বাজারদর অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন স্থানীয় চাষিরা। আপাতত চাষিদের স্বার্থরক্ষায় আন্দোলনের পথেই অনড় রয়েছে কিষাণ মোর্চা।