বেলডাঙাকাণ্ড: পুলিশি নিরাপত্তায় ৭ অভিযুক্তকে এনআইএ আদালতে পেশ

মুর্শিদাবাদের বেলডাঙা অশান্তির ঘটনায় ধৃত ৭ জন অভিযুক্তকে কড়া পুলিশি পাহারায় কলকাতার এনআইএ আদালতে পেশ করা হলো। বৃহস্পতিবার সকালে বহরমপুর জেল থেকে তাঁদের কলকাতায় নিয়ে আসা হয়। এর আগে তিনবার সশরীরে হাজিরার নির্দেশ থাকলেও নিরাপত্তার কারণ দেখিয়ে জেলা পুলিশ এসকর্ট দেয়নি বলে অভিযোগ উঠেছিল। শেষ পর্যন্ত আদালতের কড়া নির্দেশে এদিন তাঁদের বিচারক সুকুমার রায়ের এজলাসে হাজির করা হয়েছে।
বেলডাঙা কাণ্ডে এনআইএ তদন্ত শুরু করলেও রাজ্য পুলিশের বিরুদ্ধে কেস ডায়েরি হস্তান্তরে বিলম্বের অভিযোগ ওঠে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। প্রধান বিচারপতির বেঞ্চ ২৬ ফেব্রুয়ারির মধ্যে মামলার সমস্ত নথিপত্র হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। হাইকোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এদিন তড়িঘড়ি অভিযুক্তদের আদালতে নিয়ে আসা হয়েছে।
ঘটনার সূত্রপাত ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের মৃত্যুকে কেন্দ্র করে। গত ১৬ জানুয়ারি তাঁর দেহ গ্রামে পৌঁছাতেই এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। বাঙালি হওয়ার কারণে তাঁকে পিটিয়ে মারার অভিযোগ তুলে বিক্ষোভে সরব হয় জনতা। এই অশান্তির জেরে মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছিল, যাদের মধ্যে মূল ৭ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইছে এনআইএ।