সরকারি আধিকারিক সেজে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস: কলকাতায় গ্রেপ্তার ৫

গোপন সূত্রে ও ‘প্রতিবিম্ব’ পোর্টালের তথ্যের ভিত্তিতে কলকাতার পঞ্চসায়র এলাকায় হানা দিয়ে একটি ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস করল কলকাতা পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। এই অভিযানে সরাসরি জড়িত থাকার অভিযোগে বিহার, অন্ধ্রপ্রদেশ ও খড়গপুরের বাসিন্দা মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন ও গুরুত্বপূর্ণ নথি।
অভিযুক্তরা নিজেদের সরকারি আধিকারিক পরিচয় দিয়ে ‘ভারত ফার্টিলাইজার স্টোরস অফ ইন্ডিয়া’ নামে ভুয়ো ফ্র্যাঞ্চাইজি দেওয়ার টোপ দিত। বিশ্বাসযোগ্যতা বাড়াতে তারা একটি নকল ওয়েবসাইটও তৈরি করেছিল। লাভজনক ব্যবসার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিনিয়োগের নামে মোটা টাকা হাতিয়ে নেওয়া হতো এবং সেই অর্থ দ্রুত বিভিন্ন ভুয়ো অ্যাকাউন্টে সরিয়ে ফেলা হতো।
ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। সাধারণ মানুষকে যেকোনো অনলাইন লেনদেন বা ব্যবসায়িক প্রস্তাবের ক্ষেত্রে সতর্ক থাকার এবং সংস্থার সত্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।