ইজরায়েলি বসতিতেও পরিষেবা দেবে মার্কিন দূতাবাস

ইজরায়েলি বসতিতেও পরিষেবা দেবে মার্কিন দূতাবাস

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক কূটনৈতিক মহলে তীব্র শোরগোল ফেলে দিয়ে এক বিতর্কিত সিদ্ধান্তের পথে হাঁটল আমেরিকা। এবার ওয়েস্ট ব্যাঙ্কের বিভিন্ন ইজরায়েলি বসতির অন্দরেই নিজেদের পাসপোর্ট সেবা কেন্দ্র খোলার প্রস্তুতি নিচ্ছে তারা। জেরুসালেমের মার্কিন দূতাবাস ইতিমধ্যে এই কাজের জন্য বেশ কয়েকটি কৌশলগত এলাকা চিহ্নিত করেছে বলে খবর। যেখানে বিশ্বের অধিকাংশ দেশ এবং মানবাধিকার সংগঠনগুলি প্যালেস্টাইনি ভূখণ্ডে ইজরায়েলি দখলদারিত্বকে অবৈধ বলে মনে করে, সেখানে আমেরিকার এই সরাসরি পরিষেবা প্রদান আদতে ওই এলাকাগুলোকে পরোক্ষভাবে স্বীকৃতি দেওয়ারই নামান্তর বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমেরিকার এই পদক্ষেপ এমন এক সময়ে সামনে এল যখন প্যালেস্টাইন ইস্যুতে ইজরায়েলের একের পর এক আগ্রাসন নিয়ে রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত সরব হয়েছে। প্যালেস্টাইনি ভূখণ্ডে ইজরায়েলিদের আবাসন তৈরি করাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখা হয়। কিন্তু আমেরিকা সেই ‘বিতর্কিত’ মাটির ওপর দাঁড়িয়েই এবার তাদের নাগরিকদের পাসপোর্ট এবং কনস্যুলার পরিষেবা দিতে চাইছে। দূতাবাসের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন মোড় নিতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আমেরিকা এই ধরনের একতরফা সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট করে দিল যে তারা ইজরায়েলের স্বার্থ রক্ষায় কোনো রাখঢাক করতে নারাজ। যদিও এই সিদ্ধান্ত কার্যকরের পর প্যালেস্টাইন কর্তৃপক্ষ এবং আরব দেশগুলোর প্রতিক্রিয়া কী হয়, এখন সেটাই দেখার বিষয়। অনেক দেশই মনে করছে, ওয়াশিংটনের এই অবস্থান শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে এবং ওই অঞ্চলে দীর্ঘস্থায়ী সংঘাতের আগুনকে নতুন করে উসকে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *