পরপর মেয়ে হওয়ায় ক্ষোভ নাকি অন্য কিছু? অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে খুন

পরপর মেয়ে হওয়ায় ক্ষোভ নাকি অন্য কিছু? অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন সন্তানকে নৃশংসভাবে খুন

দিল্লি : রাজধানীর বুকে ফের এক হাড়হিম করা নৃশংসতার সাক্ষী থাকল প্রেমচাঁদ পার্ক এলাকা। বুধবার এক যুবক তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন নাবালিকা কন্যাসন্তানকে গলা কেটে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবকের নাম মুঞ্চুত কেওয়াত। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং গোটা এলাকা বর্তমানে পুলিশি পাহাড়ায় রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মহিলার নাম অনিতা কেওয়াত (২৭)। তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। অনিতার পাশাপাশি তাঁর তিন শিশু সন্তানকেও অত্যন্ত নির্দয়ভাবে হত্যা করা হয়েছে। নিহত শিশুদের বয়স যথাক্রমে তিন, চার ও পাঁচ বছর। ঘটনার ভয়াবহতা দেখে স্তম্ভিত দুঁদে পুলিশ আধিকারিকরাও।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, পরপর তিনটি মেয়ে হওয়া এবং বর্তমানে স্ত্রী আবারও অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁদের মধ্যে কলহ তৈরি হয়েছিল। পুত্রসন্তানের আকাঙ্ক্ষা থেকেই কি এই চরম পথ বেছে নিলেন মুঞ্চুত? সেই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। অভিযুক্ত যুবক পেশায় কী করেন বা তাঁর কোনো মানসিক সমস্যা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর থেকে অভিযুক্ত মুঞ্চুত কেওয়াত পলাতক। পুলিশ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্তকে ধরতে একাধিক টিম গঠন করে তল্লাশি চালানো হচ্ছে। পারিবারিক বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট এবং অভিযুক্ত ধরা পড়লেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *