ঈদের আগে কলকাতায় ‘প্রিন্স’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাকিব খান ও তাসনিয়া ফারিণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দ্রুত গতিতে এগিয়ে চলছে ঢাকাই সিনেমার বড় বাজেটের চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’-র কাজ। বর্তমানে কলকাতায় ছবিটির শুটিংয়ে দিনরাত ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। রোজার কারণে হাতে সময় কম থাকায় নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পুরো টিম নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ এর আগে কলকাতায় কাজ করলেও এবারই প্রথম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে টানা শুটিং করছেন। কাজের চাপে ঘোরাঘুরির তেমন সুযোগ না থাকলেও তিলোত্তমার পরিবেশ তাকে মুগ্ধ করেছে। বিশেষ করে শুটিংয়ের ফাঁকে কলকাতার বৈচিত্র্যময় ক্যাফে সংস্কৃতি এবং শহরের নান্দনিক সাজসজ্জা ফারিণের কাছে বিশেষ ভালো লাগার কারণ হয়ে দাঁড়িয়েছে।
ফারিণ জানান, হিন্দুস্তান পার্ক এলাকার ক্যাফেগুলোর নিজস্ব ভাবনা ও খাবারের বৈচিত্র্য তাকে দারুণভাবে টেনেছে। ব্যস্ত শিডিউলের মাঝেও এসব ক্যাফে তার কাছে রিফ্রেশমেন্টের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। দীর্ঘ সময় নিয়ে এই এলাকাটি ঘুরে দেখার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমানে সিনেমার কাজ শেষ করতেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এই অভিনেত্রী।