কলকাতায় এবার গঙ্গার বুকে চলবে ‘ওয়াটার মেট্রো’, নবান্নের সবুজ সংকেত

গঙ্গার নিচ দিয়ে মেট্রো চলাচলের সাফল্যের পর এবার কলকাতায় ‘ওয়াটার মেট্রো’ চালুর তোড়জোড় শুরু করল রাজ্য সরকার। নবান্ন থেকে এই প্রকল্পের প্রাথমিক অনুমতি মেলায় গঙ্গার ওপর দিয়ে পরিবেশবান্ধব ও দ্রুতগতির জলপথ পরিবহণের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। প্রকল্পটি বাস্তবায়নে আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় কোচি ওয়াটার মেট্রোর প্রতিনিধি দলের সঙ্গে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।
এই প্রকল্পে কোচির আদলে অত্যাধুনিক ব্যাটারি-চালিত বৈদ্যুতিক হাইব্রিড বোট চালানোর পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ইতিমধ্যে ৫০টি জেটিকে আধুনিকীকরণ করা হয়েছে এবং আড়াইশো কোটি টাকা ব্যয়ে ১৩টি ই-ভেসেল নামানোর প্রক্রিয়া চলছে। এছাড়া আরও ২২টি নতুন ভেসেল দ্রুত পরিষেবায় যুক্ত হবে। আধুনিক জেটিগুলোতে স্মার্ট কার্ড গেটের সুবিধাও থাকছে।
নবান্ন সূত্রে খবর, অর্থ দপ্তর এই প্রকল্পের অনুমোদন দিয়েছে। আগামী সপ্তাহের বৈঠকে প্রকল্পের রুট, গাইডলাইন ও চূড়ান্ত ব্যয় নির্ধারণ করা হবে। এই জলপথ পরিবহণ ব্যবস্থা চালু হলে কলকাতার রাস্তার যানজট যেমন কমবে, তেমনই সাধারণ মানুষের যাতায়াত আরও আরামদায়ক ও সাশ্রয়ী হবে বলে আশাবাদী প্রশাসন।