বাবার এইচআইভি: ৪ বছরের শিশুকে স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ

উত্তর ২৪ পরগনার বসিরহাটের মথুরাপুরে এক অমানবিক ঘটনার অভিযোগ উঠেছে। বাবার এইচআইভি আক্রান্ত হওয়ার খবরে তাঁর চার বছরের ছেলেকে আইসিডিএস কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষিকার বিরুদ্ধে। শিশুটির পরিবার মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করে জানিয়েছে, বাবার অসুস্থতার অজুহাতে শিশুটিকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, শিশুটি প্রতিদিনের মতো পড়তে গেলে তাকে চলে যেতে বলা হয়। শিশুটির মা কারণ জানতে চাইলে শিক্ষিকা সরাসরি জানান, বাবার ‘খারাপ রোগ’ থাকায় তাকে আর স্কুলে রাখা যাবে না। বর্তমানে শিশুটির বাবা হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং পরিবারের পক্ষ থেকে শিশুটির পড়াশোনা পুনরায় চালু করার আবেদন জানানো হয়েছে।
অভিযুক্ত শিক্ষিকা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি শিশুটিকে স্কুল থেকে বের করে দেননি এবং তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন চক্রান্ত করা হচ্ছে। বর্তমানে বিষয়টি প্রশাসনিক স্তরে খতিয়ে দেখা হচ্ছে। সামাজিক ব্যাধি ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের মাঝে এমন অভিযোগ সরকারি শিক্ষা ব্যবস্থার সংবেদনশীলতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।