কলকাতায় গঙ্গার বুকে ছুটবে ‘ওয়াটার মেট্রো’, নবান্নের সবুজ সংকেত

কলকাতায় গঙ্গার বুকে ছুটবে ‘ওয়াটার মেট্রো’, নবান্নের সবুজ সংকেত

শহরের পরিবহণ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে এবার গঙ্গার বুকে ‘ওয়াটার মেট্রো’ চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার। দেশের প্রথম নদীগর্ভস্থ মেট্রোর পর জলপথকে আধুনিক করতে নবান্ন ইতিমধ্যেই এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে। কেরলের কোচি ওয়াটার মেট্রোর আদলে কলকাতায় এই পরিষেবা চালু করার বিষয়ে আগামী সপ্তাহে কলকাতা পুরসভায় একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই প্রকল্পে কোচির প্রতিনিধি দল ব্যাটারি-চালিত অত্যাধুনিক পরিবেশবান্ধব হাইব্রিড বোটের কার্যকারিতা নিয়ে প্রেজেন্টেশন দেবে। বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় গঙ্গার প্রায় ৫০টি জেটিকে আধুনিক করা হয়েছে এবং আড়াইশো কোটি টাকা ব্যয়ে ১৩টি ই-ভেসেল নামানোর প্রস্তুতি চলছে। স্মার্ট কার্ড গেট ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে জলপথকে ঢেলে সাজানোই প্রশাসনের মূল লক্ষ্য।

প্রকল্পটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে থাকলেও অর্থ দপ্তরের ছাড়পত্র মিলেছে। আগামী সপ্তাহের বৈঠকে বোটের নকশা, গাইডলাইন এবং সামগ্রিক খরচ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শীতাতপ নিয়ন্ত্রিত এই ওয়াটার মেট্রো পরিষেবা চালু হলে শহরের রাস্তার যানজট যেমন কমবে, তেমনই যাত্রীরা দ্রুত ও স্বাচ্ছন্দ্যে গন্তব্যে পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *