ইনস্টাগ্রামে ১০ কোটি অনুগামী: বিশ্বমঞ্চে জনপ্রিয়তার নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদী

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে ১০ কোটি অনুগামীর মাইলফলক স্পর্শ করে অনন্য রেকর্ড গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে এই অভাবনীয় কৃতিত্ব অর্জন করলেন তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিজিটাল দুনিয়ায় তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। বর্তমানে তাঁর অনুগামীর সংখ্যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও (৪ কোটি ৩২ লক্ষ) অনেকটা পিছনে ফেলে দিয়েছে।
জাতীয় স্তরেও জনপ্রিয়তার নিরিখে মোদী অপরাজেয়। তালিকায় তাঁর পরেই রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আদিত্যনাথের অনুগামী সংখ্যা ১ কোটি ৬১ লক্ষ। এমনকি বিনোদন জগতের অনেক তারকাকেও জনপ্রিয়তায় টেক্কা দিয়েছেন প্রধানমন্ত্রী। এই পরিসংখ্যান স্পষ্ট করে যে, দেশীয় ও আন্তর্জাতিক স্তরে যুবসমাজের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
ডিজিটাল ইন্ডিয়ার প্রসারের পাশাপাশি মোদীর ব্যক্তিগত ব্র্যান্ডিং বিশ্ব রাজনীতিতে ভারতকে এক বিশেষ উচ্চতায় নিয়ে গেছে। এই ১০ কোটির মাইলফলক শুধুমাত্র সংখ্যার বিচারেই নয়, বরং বিশ্বনেতা হিসেবে তাঁর ক্রমবর্ধমান প্রভাবের পরিচায়ক। বর্তমান সময়ের দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদীর এই ডিজিটাল সাফল্য নিসন্দেহে এক ঐতিহাসিক নজির হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।