ইনস্টাগ্রামে ১০ কোটি অনুগামী: বিশ্বমঞ্চে জনপ্রিয়তার নতুন রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী

বিশ্বের প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০ কোটি অনুগামীর মাইলফলক স্পর্শ করে অনন্য রেকর্ড গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৪ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে তাঁর জনপ্রিয়তা ঊর্ধ্বমুখী। বর্তমানে তিনি অনুগামীর সংখ্যায় সমসাময়িক অন্য সব বিশ্বনেতাদের তুলনায় যোজন যোজন এগিয়ে রয়েছেন।
জনপ্রিয়তার দৌড়ে মোদী পিছনে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও, যাঁর অনুগামী সংখ্যা বর্তমানে ৪ কোটি ৩২ লক্ষ। মোদীর এই বিশাল অনুগামী সংখ্যা প্রমাণ করে যে, দেশীয় গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরে এবং তরুণ প্রজন্মের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ক্রমবর্ধমান। এমনকি বলিউডের বহু তারকাকেও টেক্কা দিচ্ছেন তিনি।
জাতীয় স্তরের অন্য নেতাদের তুলনায় প্রধানমন্ত্রীর এই সাফল্য নজরকাড়া। জনপ্রিয়তার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অনুগামী ১ কোটি ৬১ লক্ষ। এরপর রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ডিজিটাল দুনিয়ায় প্রধানমন্ত্রীর এই জয়জয়কার তাঁর শক্তিশালী জনভিত্তিরই প্রতিফলন।