সিপিএমের প্রার্থী তালিকায় তারুণ্যের জয়গান: সিঙ্গুর থেকে যাদবপুরে বড় চমকের প্রস্তুতি

আসন্ন বিধানসভা নির্বাচনে শূন্যপদ ঘোচাতে মরিয়া আলিমুদ্দিন স্ট্রিট। এবার অভিজ্ঞতার বদলে লড়াকু তরুণ মুখ এবং স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদের ওপরই ভরসা রাখছে সিপিএম। জোটের অঙ্ক অনুযায়ী, আইএসএফ-কে ৫০টি এবং অন্যান্য বাম শরিকদের নির্দিষ্ট আসন ছেড়ে দিয়ে প্রায় ১৫০টি কেন্দ্রে লড়তে পারে তারা। দলের লক্ষ্য অন্তত ৫-১০টি আসনে জয় নিশ্চিত করা এবং বড় অংশে জামানত রক্ষা করা।
প্রার্থী তালিকায় থাকছে একাধিক বড় চমক। যাদবপুর থেকে সুজন চক্রবর্তী এবং সিঙ্গুরে অভিনেতা বাদশা মৈত্রের লড়াই প্রায় নিশ্চিত। এছাড়াও মীনাক্ষী মুখোপাধ্যায় উত্তরপাড়ায়, দীপ্সিতা ধর বালিতে এবং সৃজন ভট্টাচার্য কসবা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। দমদম উত্তরে শতরূপ ঘোষ এবং নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জাকির হোসেন মল্লিকের নাম উঠে আসছে। মহম্মদ সেলিম ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো শীর্ষ নেতারাও থাকছেন ময়দানে।
টলিউড অভিনেতা দেবদূত ঘোষকে দক্ষিণ কলকাতার কোনো আসনে এবং সায়রা শাহ হালিমকে এন্টালিতে প্রার্থী করার জল্পনা তুঙ্গে। কামারহাটি ও খড়দায় যথাক্রমে সায়নদীপ ও দেবজ্যোতি মিত্রের ওপর আস্থা রাখছে দল। এছাড়াও ঐশী ঘোষ, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং কলতান দাশগুপ্তের মতো ছাত্র-যুব নেতাদের গুরুত্ব দিয়ে বিধানসভায় প্রত্যাবর্তনের ব্লু-প্রিন্ট সাজিয়েছে লাল শিবির। মার্চের শুরুতেই আনুষ্ঠানিক তালিকা ঘোষণা হতে পারে।