বায়ুসেনার শক্তিশালী হেলিকপ্টার ‘প্রচণ্ড’-তে সওয়ার হচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আগামী ২৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীর বিমান বাহিনী স্টেশন থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি হালকা যুদ্ধ হেলিকপ্টার (এলসিএইচ) ‘প্রচণ্ড’-তে উড়ান দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এটিই প্রথমবার, যখন কোনও রাষ্ট্রপতি ভারতের তৈরি এই কমব্যাট হেলিকপ্টারের সহ-পাইলট হিসেবে আকাশপথে অংশ নেবেন। ওই দিন বিকেলে তিনি পোখরান ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত ভারতীয় বায়ুসেনার বৃহত্তম শক্তি প্রদর্শনী “বায়ু শক্তি-২০২৬”-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL) নির্মিত এই ‘প্রচণ্ড’ হেলিকপ্টারটি লাদাখ ও সিয়াচেনের মতো দুর্গম উচ্চতায় অপারেশনের জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে। ৫৮০০ কেজি ওজনের এই যুদ্ধবিমানটি ঘণ্টায় ২৬৮ কিমি বেগে ৬,৫০০ মিটার উচ্চতায় উড়তে সক্ষম। শত্রুর রাডার ফাঁকি দিতে সক্ষম এই হেলিকপ্টারে রয়েছে ২০ মিমি কামান, ৭০ মিমি রকেট এবং অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল, যা সীমান্ত রক্ষায় অত্যন্ত কার্যকর।
‘বায়ু শক্তি-২০২৬’ মহড়ায় রাফাল, সুখোই-৩০ সহ মোট ৭৭টি যুদ্ধবিমান এবং ৪৩টি হেলিকপ্টার তাদের নির্ভুল লক্ষ্যভেদের ক্ষমতা প্রদর্শন করবে। দিন ও রাতে পরিচালিত এই লাইভ ফায়ারপাওয়ার মহড়ায় সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের ব্যবহার দেখানো হবে। ভারতীয় বায়ুসেনার এই বিশাল আয়োজনে শত্রু শিবিরের অবস্থান ধ্বংস করার রণকৌশল জনসমক্ষে তুলে ধরা হবে।