হ্যাকড ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম প্রোফাইল, তদন্তে পুলিশ

সাধারণ মানুষের অভিযোগ জানানোর ডিজিটাল মাধ্যম ‘সরাসরি মুখ্যমন্ত্রী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইলটি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা প্রোফাইলটি নিয়ন্ত্রণে নিয়ে বিতর্কিত স্টোরি পোস্ট করার পাশাপাশি সরকারি বিভিন্ন পেজে মেসেজ পাঠিয়েছে বলে অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই নবান্ন এবং প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
তদন্তে জানা গেছে, গভীর রাতে এবং সকালে দুই দফায় এই সাইবার হানা চালানো হয়। হ্যাকাররা ‘কলকাতা পুলিশ’, ‘ওয়েস্ট বেঙ্গল পুলিশ’ এবং ‘এগিয়ে বাংলা’-র মতো গুরুত্বপূর্ণ পেজে মোট ৪৭টি মেসেজ পাঠিয়েছে। অত্যন্ত সুরক্ষিত এই প্রোফাইলে কীভাবে বহিরাগতরা প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনার প্রেক্ষিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে। বর্তমানে ডিজিটাল প্রমাণ ও আইপি অ্যাড্রেস খতিয়ে দেখে অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সাইবার বিশেষজ্ঞরা পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।