মাদক মামলায় তৃণমূল বিধায়কের জামাইকে পুলিশের নোটিস, ২৮ ফেব্রুয়ারি তলব

হেরোইন পাচার মামলায় মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের জামাই রায়হান আলিকে নোটিস পাঠাল লালগোলা থানার পুলিশ। মাদক সংক্রান্ত কার্যকলাপের অভিযোগে তাঁর বিরুদ্ধে নারকোটিকস আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি সকাল ১১টার মধ্যে তাঁকে তদন্তকারী অফিসারের কাছে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রায়হান বাড়িতে না থাকায় তাঁর পরিবারের সদস্যদের হাতেই এই নোটিস তুলে দেওয়া হয়েছে।
ইতিমধ্যেই এই মামলায় রায়হান ও তাঁর পরিবারের প্রায় ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ। মাদক পাচারের অর্থের মাধ্যমে এই সম্পত্তি গড়ে তোলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, পরিবারের অন্তত ১১টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর আগে গত ৮ ও ৯ ফেব্রুয়ারি দফায় দফায় এই অভিযান চালায় প্রশাসন।
তবে বিধায়ক হুমায়ুন কবীর এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করে রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি তুলেছেন। তাঁর অভিযোগ, রায়হানকে শাসকদলে যোগ দেওয়ার চাপ দেওয়া হয়েছিল এবং তা প্রত্যাখ্যান করায় এই মিথ্যা মামলা। বিধায়ক স্পষ্ট জানিয়েছেন, তাঁর জামাই থানায় হাজিরা দেবেন না এবং প্রয়োজনে আইনি লড়াই চালাবেন। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।