মোদীর চিঠির পাল্টা তৃণমূলের ‘কটাক্ষপত্র’, বাংলায় তুঙ্গে বিজেপি-তৃণমূল টুইট যুদ্ধ

রাজ্যে ভোটের দামামা বাজার আগেই রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খোলা চিঠির পাল্টা হিসেবে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ‘কটাক্ষপত্র’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ‘জয় মা কালী’ স্লোগান এবং বিভিন্ন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই পাল্টা আক্রমণ শাণিয়েছে ঘাসফুল শিবির। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে বঙ্গ রাজনীতিতে বিজেপি ও তৃণমূলের মধ্যে জোরদার লড়াই শুরু হয়েছে।
তৃণমূলের এই চিঠিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলা হয়েছে। মনরেগা প্রকল্পে আর্থিক অনিয়ম থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মণীষীদের প্রতি আসাম্মানের অভিযোগ আনা হয়েছে। বিশেষত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে করা মোদীর একটি মন্তব্যকে ঘিরে কড়া সমালোচনা করেছে তৃণমূল। এছাড়া রাজ্যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় মৃত্যুর দাবিও তোলা হয়েছে ওই পত্রে।
বিজেপির ‘বিকশিত বাংলা’ প্রচারের পাল্টায় তৃণমূলের এই পদক্ষেপ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ। যদিও এই চিঠির বিষয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে ডিজিটাল প্ল্যাটফর্মে দুই দলের বাগযুদ্ধ স্পষ্ট। নির্বাচনের আগে মোদী বনাম তৃণমূলের এই সংঘাত ভোটারদের মধ্যে কেমন প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।