১৩ মার্চ রাজ্যজুড়ে বিশাল ধর্মঘটের ডাক দিলেন সরকারি কর্মীরা
February 27, 202610:29 am

বকেয়া ডিএ (DA) মেটানোর দাবিতে এবার চরম হুঁশিয়ারি দিল সংগ্রামী যৌথ মঞ্চ। আজ ধর্মতলার রাজপথে পুলিশের বাধার মুখে দাঁড়িয়েই আন্দোলনের পরবর্তী রণকৌশল ঘোষণা করলেন সরকারি কর্মচারীরা। তাঁদের সাফ কথা, আজকের বিক্ষোভ ছিল কেবল ‘সেমিফাইনাল’, আসল ‘ফাইনাল’ খেলা হবে আগামী ১৩ মার্চ।
এদিন ধর্মতলা থেকে রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চসহ একাধিক সংগঠন। আন্দোলনকারীদের দাবি, আগামী ১৩ মার্চের মধ্যে রাজ্য সরকারকে আলোচনায় বসতে হবে এবং বকেয়া পাওনা মেটানোর স্পষ্ট আশ্বাস দিতে হবে। অন্যথায় ওই দিন সমস্ত সরকারি দপ্তরের পাশাপাশি রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানও পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। প্রশাসনের কড়া মেজাজের পালটা দিয়ে আন্দোলনকারীরা জানিয়ে দিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই লড়াই চলবেই।