মেমারিতে ভোট বয়কটের হুমকিতেই কাজ শুরু: ১৩ বছর পর দিলালপুরে নতুন সেতু

মেমারিতে ভোট বয়কটের হুমকিতেই কাজ শুরু: ১৩ বছর পর দিলালপুরে নতুন সেতু

পূর্ব বর্ধমানের মেমারি ১ ব্লকের দিলালপুরবাসীর দীর্ঘ ১৩ বছরের অপেক্ষার অবসান ঘটল। ডিভিসি সেচ খালের ওপর ভগ্নপ্রায় কাঠের সেতু সরিয়ে নতুন লোহার সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার তৃণমূল সাংসদ শর্মিলা সরকার এই প্রকল্পের আনুষ্ঠানিক শিলান্যাস করেন। সাংসদ তহবিল থেকে প্রকল্পের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।

বিগত লোকসভা নির্বাচনে উন্নয়নের দাবিতে দিলালপুরসহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ ভোট বয়কটের ডাক দিয়েছিলেন। সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে পড়া এই সেতুটি নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাজনৈতিক প্রচারও আটকে দিয়েছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটারদের ক্ষোভ প্রশমিত করতেই প্রশাসনের এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।

শিলান্যাস মঞ্চ থেকে সাংসদ এলাকাবাসীকে অতীতের তিক্ততা ভুলে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। অন্যদিকে, এই উদ্যোগকে ‘লোক দেখানো’ বলে কটাক্ষ করেছে বিজেপি। ভোটার তালিকা সংশোধন ও রাজনৈতিক সমীকরণের চাপে পড়েই শাসক দল এই কাজ শুরু করেছে বলে দাবি বিরোধী শিবিরের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *