এসআইআরের চাপে প্রাণ হারানো ৬১ পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে নবান্ন

এসআইআরের চাপে প্রাণ হারানো ৬১ পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে নবান্ন

ভোটার তালিকা সংশোধনের কাজে অতিরিক্ত মানসিক চাপ ও আতঙ্কে রাজ্যে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এর মধ্যে যেমন রয়েছেন বিএলও বা সরকারি আধিকারিকরা, তেমনই রয়েছেন দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়া সাধারণ ভোটাররাও। এই পরিস্থিতির জন্য শুরু থেকেই নির্বাচন কমিশনের অপরিকল্পিত কাজের পদ্ধতিকে কাঠগড়ায় তুলেছিল শাসকদল। এবার মৃতদের পরিবারের প্রতি মানবিক হয়ে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার।

বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, এসআইআর-এর কাজ চলাকালীন যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। প্রাথমিক তালিকায় ৬১ জনের নাম চূড়ান্ত করা হয়েছে। মূলত আর্থিক সংকটে পড়া পরিবারগুলোকে সুরাহা দিতেই এই পদক্ষেপ।

গত অক্টোবর থেকে শুরু হওয়া এই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াটি বিএলও ও সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ছিল রীতিমতো পাহাড়প্রমাণ চ্যালেঞ্জ। স্বল্প সময়ে নির্ভুল তালিকার চাপে অনেক সরকারি কর্মী অসুস্থ হয়ে পড়েন, কেউ বা বেছে নেন আত্মহত্যার পথ। অন্যদিকে, তালিকায় নাম কাটা যাওয়ার আতঙ্কে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষও।

নবান্ন সূত্রের খবর, আপাতত মৃত সরকারি কর্মীদের পরিবারের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কোন দপ্তরে এবং কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে, তা নিয়ে বিস্তারিত গাইডলাইন খুব দ্রুত প্রকাশ করা হবে। শোকাতুর পরিবারগুলোর জন্য সরকারের এই সিদ্ধান্ত বড়সড় স্বস্তি বয়ে আনবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *