লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে, চুঁচুড়ায় ব্যাপক চাঞ্চল্য

হুগলির চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এক চাঞ্চল্যকর অনিয়ম সামনে এসেছে। উপভোক্তা সাহেবা খাতুন দীর্ঘ দিন ধরে ভাতার টাকা না পাওয়ায় তদন্ত শুরু করলে দেখা যায়, নথিতে তাঁর নাম ও আধার নম্বর সঠিক থাকলেও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি অন্য এক ব্যক্তির। ফলত, সরকারি প্রকল্পের অর্থ দীর্ঘ সময় ধরে ভুল অ্যাকাউন্টে জমা পড়ছে।
ভুক্তভোগীর পরিবার এই ঘটনাকে পরিকল্পিত জালিয়াতি বলে অভিযোগ তুলে চুঁচুড়ার মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। তাঁদের দাবি, কেউ বা কারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অ্যাকাউন্ট নম্বর বদলে দিয়ে টাকা আত্মসাৎ করছে। আধার নম্বর ঠিক থাকা সত্ত্বেও কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পরিবর্তিত হলো, তা নিয়ে প্রশাসনের ভূমিকা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তৃণমূল নেতা জয়দেব অধিকারী জানিয়েছেন, পোর্টালে তথ্য নথিভুক্ত হয়ে যাওয়ায় বর্তমানে অ্যাকাউন্ট নম্বর সংশোধন করা যাচ্ছে না। দপ্তরে পর্যাপ্ত কর্মীর অভাব থাকায় সমস্যা আরও বেড়েছে। তবে প্রশাসনিক কাজ মিটে গেলে দ্রুত এই ত্রুটি সংশোধন করে প্রকৃত উপভোক্তাকে ভাতার টাকা পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বর্তমানে পুরো বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।