ইতিহাসের পাতায় নরেন্দ্র মোদী, ইজরায়েল ও ফিলিস্তিনের সর্বোচ্চ সম্মানে ভূষিত বিশ্বের একমাত্র নেতা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ইজরায়েল সফরে গিয়ে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্পিকার অফ দ্য নেসেট’ পদকে ভূষিত হলেন। বুধবার ইজরায়েলি পার্লামেন্টে ঐতিহাসিক ভাষণের পর স্পিকার আমির ওহানা তাঁর হাতে এই পদক তুলে দেন। ভারত ও ইজরায়েলের দ্বিপাক্ষিক ও কৌশলগত সম্পর্ক জোরদারে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিরল সম্মান প্রদান করা হয়েছে।
এই অনন্য অর্জনের মাধ্যমে নরেন্দ্র মোদী বিশ্বের একমাত্র নেতা হিসেবে ইজরায়েল এবং ফিলিস্তিন—উভয় রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান পাওয়ার নজির গড়লেন। এর আগে ২০১৮ সালে তিনি ফিলিস্তিনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ লাভ করেছিলেন। এই জোড়া সম্মান প্রাপ্তি আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে তাঁকে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করল।
সম্মাননা গ্রহণের পর প্রধানমন্ত্রী জানান, এই পুরস্কার কোনও ব্যক্তির নয়, বরং ভারত ও ইজরায়েলের চিরস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। ইজরায়েলের এই পদকটি সহ প্রধানমন্ত্রী মোদী এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে ২৮টিরও বেশি আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন। তাঁর এই সফর দুই দেশের অভিন্ন মূল্যবোধ ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।