‘লা-লা ল্যান্ডে বাস করছে পাকিস্তান’, কাশ্মীর ইস্যুতে জাতিসংঘে কড়া জবাব ভারতের

জেনেভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ৬১তম অধিবেশনে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে কঠোর ভাষায় বিঁধল ভারত। ভারতীয় প্রতিনিধি অনুপমা সিং বলেন, জম্মু-কাশ্মীরের উন্নয়নকে যারা ‘ভুয়া’ বলে দাবি করছে, তারা আসলে কাল্পনিক জগত বা ‘লা-লা ল্যান্ড’-এ বাস করছে। তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের উন্নয়ন বাজেট পাকিস্তানের আইএমএফের কাছে চাওয়া বেলআউট প্যাকেজের দ্বিগুণেরও বেশি। বিশ্বের সর্বোচ্চ চেনাব রেল সেতুর উদাহরণ টেনে তিনি ইসলামাবাদের অপপ্রচারকে ‘ঈর্ষা’ বলে অভিহিত করেন।
ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে পাকিস্তানের ‘ইকো চেম্বার’ হিসেবে ব্যবহারের প্রচেষ্টাকে ভারত স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। অনুপমা সিং জোর দিয়ে বলেন, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং সর্বদা থাকবে। ১৯৪৭ সালে এই অঞ্চলের অন্তর্ভুক্তি ছিল সম্পূর্ণ আইনি ও চূড়ান্ত। উল্টে পাকিস্তান অধিকৃত কাশ্মীর খালি করার জন্য ইসলামাবাদের প্রতি আহ্বান জানায় নয়াদিল্লি।
গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে পাকিস্তানের সমালোচনার জবাবে ভারত জানায়, যে দেশে নির্বাচিত সরকার মেয়াদ পূর্ণ করতে পারে না, তাদের থেকে গণতন্ত্র শেখার প্রয়োজন নেই। সাম্প্রতিক নির্বাচনে বিপুল জনমত প্রমাণ করেছে যে স্থানীয় মানুষ সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করে উন্নয়নের পথ বেছে নিয়েছে। সীমান্তের ওপার থেকে আসা রাষ্ট্র-স্পন্সরিত সন্ত্রাসবাদ বন্ধ করে পাকিস্তানকে নিজেদের অভ্যন্তরীণ সংকটে মনোনিবেশ করার পরামর্শ দিয়েছে ভারত।