‘সরাসরি মুখ্যমন্ত্রী’র ইনস্টাগ্রাম পেজ হ্যাক: তদন্তে বিধাননগর সাইবার সেল
রাজ্য সরকারের জনঅভিযোগ নিরসন কর্মসূচি ‘সরাসরি মুখ্যমন্ত্রী’-র অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি হ্যাকারদের কবলে পড়েছে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত দুই দফায় ওই পেজ থেকে ‘এগিয়ে বাংলা’ এবং রাজ্য পুলিশের বিভিন্ন দপ্তরে ৪৭টি অননুমোদিত মেসেজ পাঠানো হয়। এমনকি অ্যাকাউন্টটি থেকে বিতর্কিত দুটি স্টোরিও আপলোড করা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
নির্ধারিত স্মার্টফোন ও ল্যাপটপ ছাড়া অন্য ডিভাইস থেকে লগ-ইন করায় কর্তৃপক্ষের সন্দেহ তৈরি হয়। পরে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের কাছে মেসেজ পৌঁছাতেই হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত হয়। তড়িঘড়ি অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে ডিজিটাল প্রমাণ হিসেবে স্ক্রিনশট ও টাইম স্ট্যাম্প সংরক্ষণ করা হয়েছে।
এই ঘটনায় বিধাননগর সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্দিষ্ট আইপি অ্যাড্রেস ও হ্যাকারদের অবস্থান শনাক্ত করতে পুলিশি তদন্ত শুরু হয়েছে। সাইবার বিশেষজ্ঞরা অ্যাকাউন্টের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাজ করছেন। ভবিষ্যতে এই ধরণের অনভিপ্রেত ঘটনা রুখতে ডিজিটাল সুরক্ষা আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।