বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা: উদয়পুরে রাজকীয় অনুষ্ঠানের পর কোডাভা রীতিতে সম্পন্ন হলো বিয়ে

উদয়পুরে রাজকীয় বিয়ের পর বৃহস্পতিবার সন্ধ্যায় কর্নাটকের কোডাভা রীতিতে গাঁটছড়া বাঁধলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা। জীবনের নতুন অধ্যায় শুরু করে সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন রশ্মিকা। স্বামীকে নিজের পথপ্রদর্শক ও অনুপ্রেরণা উল্লেখ করে তিনি জানান, বিজয়ের ভালোবাসা ও বিশ্বাসই তাকে আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজেকে আশীর্বাদধন্য মনে করছেন অভিনেত্রী।
বিজয়-রশ্মিকার এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মাত্র ১০০ জন ঘনিষ্ঠ অতিথি। কনে রশ্মিকার পৈতৃক ভিটে কুর্গের ঐতিহ্য মেনে বিয়ের মেনুতে ছিল খাঁটি দক্ষিণী খাবারের আয়োজন। কলাপাতায় পরিবেশন করা হয়েছে হায়দরাবাদি দম বিরিয়ানি, নাটু কোডি পুলুস ও গারেলুর মতো তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিখ্যাত সব পদ। এছাড়া কুর্গের বিশেষ পান্ডি কারি ও কদম্বুটু অতিথিদের রসনা তৃপ্তিতে ভিন্ন মাত্রা যোগ করেছে।
সাংস্কৃতিক সংমিশ্রণে আয়োজিত এই বিবাহ অনুষ্ঠানটি ছিল যেমন আভিজাত্যপূর্ণ, তেমনই ঐতিহ্যবাহী। দুই রাজ্যের রীতিনীতি মেনে আয়োজিত এই উৎসবে শেষ পাতে মাইশোর পাকের মতো মিষ্টির মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়। দীর্ঘদিনের প্রেমের সফল পরিণতির পর বিজয়ের স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করতে পেরে নিজের চরম উত্তেজনার কথা সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন পর্দার ‘শ্রীভল্লি’। পেশাদার এবং ব্যক্তিগত জীবনের এই মেলবন্ধন ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল ও উন্মাদনা সৃষ্টি করেছে।