ভোটার তালিকা প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি তিন ভাগে থাকছে সব নাম

আগামী ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলা রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকায় বড় পরিবর্তন আনতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, এবারের তালিকায় ভোটারদের নাম মূলত তিনটি পৃথক শ্রেণিতে ভাগ করা হবে— ‘অনুমোদিত’ (Approved), ‘বাতিল’ (Deleted) এবং ‘অমীমাংসিত’ (Under Adjudication)। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বর্তমানে যাচাই প্রক্রিয়ার মধ্যে থাকলেও তাদের নাম অমীমাংসিত বিভাগেই তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, নতুন ভোটারদের আবেদনের ভিত্তিতে প্রায় ১ লক্ষ ২০ হাজার নাম অনুমোদিত তালিকায় যুক্ত হচ্ছে। এছাড়া, লজিক্যাল ডিসক্রেপেন্সি ও আনম্যাপড ভোটার মিলিয়ে যে বিশাল জট তৈরি হয়েছিল, তা নিরসনে কাজ করছে কলকাতা হাইকোর্ট গঠিত কমিটি। সুপ্রিম কোর্টের নির্দেশে নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা যেসব নাম অনুমোদন করবেন, সেগুলি পরবর্তী সময়ে অতিরিক্ত বা ‘সাপ্লিমেন্টারি’ তালিকায় প্রকাশ করা হবে।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করেছেন যে, মনোনয়ন দাখিলের শেষ দিন পর্যন্ত যাঁদের নাম বৈধ তালিকায় থাকবে, কেবল তাঁরাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ও যাচাই প্রক্রিয়ার সময়সীমা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা থাকলেও, কমিশনের এই নতুন কাঠামোর ফলে ভোটার তালিকার চিত্রটি আগের চেয়ে অনেকটা পরিষ্কার হতে চলেছে।