লেকটাউনে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, ঝালমুড়ি খেয়ে ৩৫ লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট চোর

উত্তর ২৪ পরগনার লেকটাউন থানার অন্তর্গত বাঙ্গুর অ্যাভিনিউতে এক ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। অভিযোগ, বুধবার গভীর রাতে জানলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা। পরিবারের দাবি, ঘরে থাকা ঝালমুড়ি খেয়ে এবং সকলকে অচেতন করার জন্য ঘুমের স্প্রে ব্যবহার করে চোরেরা এই কাণ্ড ঘটিয়েছে।
ব্যবসায়ী নরেশ আগরওয়ালের বাড়ি থেকে প্রায় ৩৫-৪০ লক্ষ টাকার সোনা, রুপো ও হীরের গয়না সহ নগদ টাকা লুট করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে আলমারি ও সুটকেস লন্ডভন্ড অবস্থায় দেখেন। পাশের ঘরে এসি-র জানলার গ্রিল কাটা থাকায় বিষয়টি নজরে আসে।
খবর পেয়ে লেকটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। বাড়ির সদস্যদের বয়ান অনুযায়ী, রাতের কোনো এক সময়ে দুষ্কৃতীরা ঘরে ঢুকে আসবাবপত্র হাতড়ে সব লুটে নিয়ে চম্পট দেয়। পুলিশ আপাতত আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।