মাদককাণ্ডে হুমায়ুন কবীরের জামাতাকে পুলিশের তলব, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বিধায়কের

মাদককাণ্ডে হুমায়ুন কবীরের জামাতাকে পুলিশের তলব, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ বিধায়কের

হেরোইন পাচার মামলায় মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের জামাতা রায়হান আলিকে তলব করল লালগোলা থানার পুলিশ। আগামী ২৮ ফেব্রুয়ারি তাঁকে তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, মাদক কারবারের টাকায় কেনা রায়হান ও তাঁর পরিবারের প্রায় ১৫ কোটি টাকার সম্পত্তি ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে। এনডিপিএস ধারায় রুজু হওয়া এই মামলায় নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতেই তদন্ত এগোচ্ছে বলে দাবি জেলা প্রশাসনের।

জামাতার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে একে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন হুমায়ুন কবীর। তাঁর অভিযোগ, তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় রায়হানকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। বিধায়ক সাফ জানিয়েছেন, তাঁর জামাতা এখনই আগাম জামিনের আবেদন করবেন না এবং নির্ধারিত দিনে থানায় হাজিরা দেওয়ারও কোনও পরিকল্পনা নেই তাঁদের।

তদন্ত প্রক্রিয়ার মাঝেই পুলিশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। তিনি স্পষ্ট জানান, তাঁর জামাতাকে গ্রেফতার করা হলে প্রশাসনকে এর ফল ভুগতে হবে। লালগোলা বিধানসভা কেন্দ্রের প্রার্থী করার টোপ দিয়ে চাপ সৃষ্টির যে দাবি বিধায়ক করেছেন, তা ঘিরে বর্তমানে জেলা রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এখন ২৮ তারিখ রায়হান হাজিরা দেন কি না, সেদিকেই নজর সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *