লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে, হুগলিতে জালিয়াতির অভিযোগে চাঞ্চল্য

হুগলির চুঁচুড়া বিধানসভার রাজহাট পঞ্চায়েত এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সাহেবা খাতুন নামে এক উপভোক্তা জানিয়েছেন, দীর্ঘ সময় ধরে তাঁর প্রাপ্য ভাতার টাকা অন্য এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ছে। ২০২৫ সালে আবেদন করার পর থেকে নিয়মিত টাকা না পাওয়ায় তথ্য যাচাই করতে গিয়েই এই চাঞ্চল্যকর বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী পরিবারের দাবি, পোর্টালে আধার নম্বর ও নাম সঠিক থাকলেও জালিয়াতি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটি বদলে দেওয়া হয়েছে। এই ঘটনায় পরিকল্পিত দুর্নীতির অভিযোগ তুলে সাহেবা খাতুন ও তাঁর স্বামী মহকুমা শাসকের দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। তবে প্রশাসনিক ব্যস্ততার কারণে এখনও পর্যন্ত কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই সমস্যার কথা স্বীকার করে জানিয়েছেন, কারিগরি ত্রুটি বা পর্যাপ্ত কর্মীর অভাবে এমনটা হতে পারে। বর্তমানে এসআইআর-এর কাজের চাপের কারণে সংশোধনে দেরি হচ্ছে। তবে দ্রুত তদন্তের মাধ্যমে সঠিক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।