এসআইআরে মৃতদের পাশে রাজ্য সরকার, ৬১ জনের পরিবারকে চাকরি দিচ্ছে নবান্ন

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর চলাকালীন অকালপ্রয়াত সরকারি কর্মী ও সাধারণ ভোটারদের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। এই প্রক্রিয়ার অতিরিক্ত চাপ ও আতঙ্কে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের জন্য বড় ঘোষণা করেছে নবান্ন। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এই মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এসআইআর চলাকালীন মৃত মোট ৬১ জনের পরিবারের একজন করে সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। ভোটার তালিকা সংশোধনের কাজে যুক্ত বিএলও এবং সংশ্লিষ্ট আধিকারিকদের মানসিক চাপ ও শারীরিক অসুস্থতাজনিত মৃত্যুর ঘটনায় প্রথম থেকেই সরব ছিল শাসকদল। এবার সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কর্মসংস্থানের মাধ্যমে সুরাহা দিতে উদ্যোগী হলো রাজ্য প্রশাসন।
গত অক্টোবর থেকে শুরু হওয়া এই সংশোধনী প্রক্রিয়ায় কাজের প্রবল চাপ সামলাতে গিয়ে অনেক কর্মী অসুস্থ হয়েছেন, এমনকি আত্মহননের পথও বেছে নিয়েছেন কেউ কেউ। আগামী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই এই নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে। কোন দপ্তরে এবং কবে নাগাদ এই নিয়োগপত্র তুলে দেওয়া হবে, তা নিয়ে বর্তমানে উচ্চপর্যায়ে আলোচনা চলছে।