উত্তরবঙ্গে শ্যুটিংয়ে দেবকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামলালেন অভিনেতা নিজেই

উত্তরবঙ্গে শ্যুটিংয়ে দেবকে ঘিরে ভক্তদের উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামলালেন অভিনেতা নিজেই

পদ্মশ্রী করিমুল হকের জীবনী নিয়ে নির্মিতব্য নিজের ৫০তম ছবি ‘বিনয় বাদল দিনেশ’-এর শ্যুটিংয়ে বর্তমানে উত্তরবঙ্গে ব্যস্ত রয়েছেন অভিনেতা দেব। রুপালি পর্দার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’কে একনজর দেখতে শ্যুটিং স্পটে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। প্রিয় তারকাকে সামনে পেয়ে ভক্তদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

গতকালের শ্যুটিং চলাকালীন ভিড় সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষী ও বাউন্সারদের। পরিস্থিতি বেগতিক দেখে অভিনেতা নিজেই এগিয়ে আসেন। সাধারণ মানুষের সাথে জনসংযোগ বজায় রাখার পাশাপাশি জনতাকে শান্ত করতে এবং রাস্তার যানজট নিয়ন্ত্রণে সরাসরি ময়দানে নামেন দেব। অভিনেতার এমন দায়িত্বশীল আচরণ সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের এই ছবিতে দেবের নতুন লুক ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে। নীল জামা ও মোটা গোঁফে একেবারে সাদামাটা চরিত্রে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। উত্তরবঙ্গের সমাজসেবী করিমুল হকের সংগ্রাম ও ত্যাগের গল্প দেবের অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় ফুটে ওঠার অপেক্ষায় এখন দিন গুনছেন চলচ্চিত্র প্রেমীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *