চাকদায় প্লাই কারখানা মালিকের বাড়িতে আয়কর হানা, ১০ ঘণ্টা ধরে তল্লাশি জারি

নদীয়ার চাকদা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে এক প্লাই কারখানা মালিকের বাড়িতে আয়কর দপ্তরের ম্যারাথন তল্লাশিকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে আয়কর দপ্তরের চারজন আধিকারিক ব্যবসায়ী টোটন দত্তের বাসভবনে হানা দেন। হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়।
তদন্তকারী আধিকারিকরা ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়ি এবং বিভিন্ন ব্যবসায়িক কার্যালয়ে নথিপত্র খতিয়ে দেখছেন। ১০ ঘণ্টা পেরিয়ে গেলেও তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিভিন্ন ব্যাংকের লেনদেন, আয়কর রিটার্ন ফাইল এবং বিভিন্ন জায়গায় করা বিনিয়োগে কোনো বেআইনি উৎস রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই করে দেখছেন আধিকারিকরা।
আয়কর দপ্তরের পক্ষ থেকে অভিযানের সুনির্দিষ্ট কারণ এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কেন্দ্রীয় বাহিনী পুরো এলাকা ঘিরে রাখায় উৎসুক জনতাকে ধারেকাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। কতক্ষণ এই তল্লাশি চলবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি, তবে বিভিন্ন আর্থিক লেনদেনের নথিপত্র উদ্ধারের চেষ্টা চলছে বলে সূত্রের খবর।