বাবার এইচআইভি আক্রান্তের জেরে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে শিশু বিতাড়িত, বসিরহাটে চাঞ্চল্য

বাবার এইচআইভি আক্রান্তের জেরে অঙ্গনওয়াড়ি স্কুল থেকে শিশু বিতাড়িত, বসিরহাটে চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নম্বর ব্লকের মথুরাপুর এলাকায় এক চার বছরের শিশুকে আইসিডিএস স্কুল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল। শিশুটির বাবা এইচআইভি আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় অঙ্গনওয়াড়ি কর্মী এই পদক্ষেপ নিয়েছেন বলে পরিবারের দাবি। ভুক্তভোগী মা জানান, সংশ্লিষ্ট শিক্ষিকা ওই রোগকে ‘খারাপ ব্যাধি’ আখ্যা দিয়ে শিশুটিকে স্কুলে রাখতে অস্বীকার করেন।

এই অমানবিক আচরণের প্রতিবাদে শিশুটির পরিবার বসিরহাট মহকুমা শাসকের দফতরে লিখিত অভিযোগ দায়ের করেছে। পরিবারের দাবি, ওই শিশুকে স্কুলে ঢুকতে বাধা দেওয়া হলেও বাড়ি বয়ে খাবার পাঠানো হচ্ছে। তারা দ্রুত শিশুটির পড়াশোনার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। বর্তমানে ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত অঙ্গনওয়াড়ি কর্মী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি কোনো অন্যায় করেননি এবং শিশুটিকে স্কুল থেকে বের করে দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। উল্টে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করে বদনাম করার চেষ্টা হচ্ছে বলে তিনি পাল্টা অভিযোগ তুলেছেন। প্রশাসন পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *