এসআইআরে মৃতদের পাশে রাজ্য সরকার: ৬১ জনের পরিবারকে সরকারি চাকরির সিদ্ধান্ত

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) চলাকালীন মৃত সরকারি কর্মী ও সাধারণ নাগরিকদের পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন সূত্রে খবর, এসআইআরের কাজে অতিরিক্ত মানসিক চাপ বা আতঙ্কের কারণে প্রাণ হারানো মোট ৬১ জনের পরিবারকে সরকারি চাকরি প্রদান করা হবে।
অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই সংক্ষিপ্ত সময়ের প্রক্রিয়ায় কাজ করতে গিয়ে বহু বিএলও এবং সরকারি আধিকারিক অসুস্থ হয়ে বা মানসিক চাপে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি, নথিপত্র সংক্রান্ত জটিলতা ও তালিকায় নাম থাকা নিয়ে আতঙ্কে বেশ কিছু সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে। রাজ্য সরকার ও শাসকদল প্রথম থেকেই এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশনের অপরিকল্পিত কাজের চাপকে দায়ী করে আসছিল।
মৃতদের পরিবারগুলি বর্তমানে চরম আর্থিক সংকটের মুখে পড়েছে। স্বজনহারা পরিবারগুলোর অসহায়তা দূর করতেই মন্ত্রিসভার এই মানবিক পদক্ষেপ। নবান্ন সূত্রে জানা গেছে, পরিবার পিছু একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। কোন দপ্তরে এবং কবে নাগাদ এই নিয়োগপত্র প্রদান করা হবে, তা বর্তমানে আলোচনার স্তরে রয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ।