স্পেনের ক্লাব আলমেরিয়ার মালিকানায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

স্পেনের ক্লাব আলমেরিয়ার মালিকানায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ফুটবল মাঠের পর এবার ব্যবসায়িক দুনিয়ায় নতুন ইনিংস শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। স্পেনের দ্বিতীয় সারির ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ অংশীদারিত্ব কিনে নিলেন এই মহাতারকা। নিজের সংস্থা ‘সিআর৭ স্পোর্টস ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে এই মালিকানা গ্রহণ করেছেন তিনি। মাঠের বাইরে ফুটবলে অবদান রাখার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন রোনাল্ডো।

সৌদি বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্বাধীন এই ক্লাবটি বর্তমানে স্প্যানিশ দ্বিতীয় ডিভিশনের পয়েন্ট তালিকায় সুবিধাজনক অবস্থানে রয়েছে। ২০২৩-২৪ মরসুমে লা লিগা থেকে অবনমন হলেও, এবার প্লে-অফের মাধ্যমে শীর্ষ লিগে ফেরার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। রোনাল্ডো জানিয়েছেন, ক্লাবটিকে উন্নতির পরবর্তী ধাপে নিয়ে যেতে তিনি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।

বিগত কয়েক বছরে আলমেরিয়ার সাথে সৌদি প্রো লিগের ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে। গত অগস্টে রোনাল্ডোর বর্তমান ক্লাব আল নাসেরের বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচও খেলেছে তারা। লুই সুয়ারেজ এবং মার্ক পুবিলের মতো ফুটবলারদের বড় অঙ্কে বিক্রি করে ক্লাবটি সম্প্রতি অর্থনৈতিকভাবেও শক্তিশালী হয়েছে। রোনাল্ডোর অন্তর্ভুক্তি ক্লাবের ভবিষ্যৎ সাফল্যে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *