টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে রেড নোটিশ ও সাবেক মন্ত্রীর ৫১৮টি ফ্ল্যাট জব্দের নির্দেশ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনঝি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে গ্রেফতারে ইন্টারপোলকে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছে ঢাকার একটি আদালত। বনানীর একটি ফ্ল্যাট বেআইনিভাবে দখলের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে বিশেষ বিচারক মহম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। টিউলিপ এবং হাসিনা অবশ্য এই অভিযোগ অস্বীকার করে একে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
একই দিনে আদালত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ব্রিটেনসহ বিদেশে থাকা ৫১৮টি সম্পত্তি ও ফ্ল্যাট বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। আল জাজিরার তদন্তে উঠে আসা বিপুল অর্থ পাচারের অভিযোগের ভিত্তিতে দুদক এই পদক্ষেপ নেয়। তদন্তকারী সংস্থার দাবি, বিদেশে এই বিশাল সাম্রাজ্য গড়ার বিষয়টি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগোচরে ছিল না।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধেও ইতিপূর্বে গ্রেফতারি পরোয়ানা ও রেড নোটিশের আবেদন করা হয়েছিল। বর্তমানে ভারতে অবস্থানরত হাসিনার পরিবারের একাধিক সদস্য ইতিপূর্বেই প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। আদালতের এই জোড়া নির্দেশে আওয়ামী লীগ নেত্রী ও তাঁর ঘনিষ্ঠজনরা বড় ধরনের আইনি ও রাজনৈতিক চাপের মুখে পড়লেন বলে মনে করা হচ্ছে।