বালুরঘাটে বীথিকা দত্তের স্মৃতিতে রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি

স্বর্গীয়া বীথিকা দত্তের নবম প্রয়াণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বালুরঘাটে এক মানবিক ও পরিবেশমুখী কর্মসূচি পালিত হলো। তুষার কান্তি দত্ত ও জগন্নাথ দত্তের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাব সেমিনার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সহযোগিতায় ছিল জেলা ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন এবং জার্নালিস্ট ক্লাব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘বঙ্গরত্ন’ তাপস চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডা. দেবব্রত দে সহ স্থানীয় গুণীজনরা। এদিন সদ্যপ্রয়াত বাচিক শিল্পী সঞ্জয় কর্মকারের স্মরণে ‘সংকলিত সঞ্জয়’ পুস্তিকাটি উন্মোচন করা হয়। অতিথিদের চন্দনের টিপ ও পুষ্পস্তবকে বরণ করে নেওয়ার পাশাপাশি রক্তদাতাদের হাতে চারাগাছ ও শংসাপত্র তুলে দেওয়া হয়।
দিনব্যাপী এই কর্মসূচিতে মোট ২৭ জন স্বেচ্ছায় রক্তদান করেন, যার মধ্যে দুজন মহিলাও ছিলেন। স্মৃতিচারণ, রক্তদান ও বৃক্ষরোপণের এই যৌথ উদ্যোগ এলাকায় সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। জগন্নাথ দত্তের সমাপ্তি বক্তব্যের মধ্য দিয়ে এই সফল অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।