স্ত্রীর প্রেমিককে খুনের পর পুলিশের সামনে দম্ভোক্তি অভিযুক্তের

উত্তরপ্রদেশের মিরাটে প্রকাশ্য দিবালোকে এক যুবককে নৃশংসভাবে গুলি করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্ত যুবক তার স্ত্রীর প্রেমিকের পিঠে ও মাথায় গুলি চালিয়ে এই হত্যাকাণ্ড ঘটায়। খুনের পর রক্তমাখা আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে দম্ভোক্তি করতে দেখা যায় তাকে। অভিযুক্তের দাবি, দেড় বছর ধরে সে এই দিনটির অপেক্ষায় ছিল।
বৃহস্পতিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলে তার মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি। বরং পুলিশের সামনে আয়েশ করে বসে খুনের কথা স্বীকার করে সে জানায়, পূর্ব আক্রোশ থেকেই এই চরম পদক্ষেপ। তদন্তে জানা গেছে, নিহতের নাম সুরেন্দ্র সিং, যিনি অভিযুক্তের স্ত্রীর সঙ্গে পালিয়ে গিয়েছিলেন। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেও মেজাজ দেখায় ওই ঘাতক যুবক।
মিরাটের পুলিশ সুপার অভিজিৎ কুমার জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকাটি দুই জেলার সীমান্তে হওয়ায় তদন্তে শুরুতে কিছুটা জটিলতা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযুক্তের স্ত্রীকেও খুনের হুমকি দেওয়ায় ওই মহিলার নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।