এসআইআর জটিলতা কাটাতে হাই কোর্টে উচ্চপর্যায়ের বৈঠক, দ্রুত নিষ্পত্তির নির্দেশ

বাংলায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার তথ্যগত অসঙ্গতি ও আইনি জটিলতা কাটাতে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে দেড় ঘণ্টাব্যাপী এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল এবং পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। বৈঠকে ২১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রাপ্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির পরিসংখ্যানকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করতে বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে পশ্চিমবঙ্গের বাকি বিচার বিভাগীয় আধিকারিকদের লগ-ইন আইডি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত জমা পড়া অমীমাংসিত নথিগুলো আগামী শুক্রবারের মধ্যে কমিশনে আপলোড করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচার বিভাগীয় আধিকারিকদের আগমনের বিষয়টি সংশ্লিষ্ট হাইকোর্টগুলোর অনুমোদনের অপেক্ষায় থাকায় তা এখনও চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এসআইআর-এর শেষ পর্যায়ের কাজের দায়িত্ব বিচার বিভাগের ওপর ন্যস্ত করা হয়েছে। তথ্যগত অসঙ্গতি দূর করতে প্রতি বিধানসভা এলাকায় একজন করে বিচার বিভাগীয় আধিকারিক নিয়োগের প্রস্তাব দিয়েছে কমিশন। বৈঠকে ভিন রাজ্য থেকে আসা আধিকারিকদের আবাসন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার বিষয়টিও খতিয়ে দেখা হয়। নির্বাচন কমিশন ও বিচার বিভাগের এই সমন্বিত উদ্যোগ ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।