ভোটার তালিকায় তিন স্তরের বিন্যাস: ৬০ লক্ষ নাম নিয়ে জারি ধোঁয়াশা

ভোটার তালিকায় তিন স্তরের বিন্যাস: ৬০ লক্ষ নাম নিয়ে জারি ধোঁয়াশা

রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা নিয়ে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল নির্বাচন কমিশন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিতব্য চূড়ান্ত তালিকায় ভোটারদের নাম তিনটি পৃথক বিভাগে ভাগ করা হচ্ছে: ‘অ্যাপ্রুভড’, ‘ডিলিটেড’ এবং ‘আন্ডার অ্যাডজুডিকেশন’। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম বর্তমানে যাচাইয়ের প্রক্রিয়ায় থাকায় সেগুলিকে আপাতত ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা নিষ্পত্তির অপেক্ষায় থাকা বিভাগে রাখা হচ্ছে।

নতুন আবেদনকারীদের মধ্যে প্রায় ১ লক্ষ ২০ হাজার নাম ‘অ্যাপ্রুভড’ তালিকায় স্থান পাচ্ছে। তবে বিপুল সংখ্যক ভোটারের তথ্যে অসংগতি মেটাতে কলকাতা হাইকোর্ট নিযুক্ত কমিটির তত্ত্বাবধানে বর্তমানে স্ক্রুটিনি চলছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের নাম যাচাই প্রক্রিয়া পরবর্তী সময়ে সম্পন্ন হবে, তাদের জন্য ধাপে ধাপে ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল স্পষ্ট করেছেন যে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাদের নাম চূড়ান্ত বৈধ তালিকায় থাকবে, তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ফলে প্রায় ১ কোটি ২০ লক্ষ ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ এবং ৩২ লক্ষ ‘আনম্যাপড’ ভোটারের ভাগ্য এখন সম্পূর্ণভাবে যাচাই প্রক্রিয়ার গতির ওপর নির্ভর করছে। রাজনৈতিক মহলে এই বিভাজন নিয়ে বর্তমানে তীব্র জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *