সীমান্ত সংঘাত নিয়ে ভারতকে তোপ পাকিস্তানের, চরম উত্তেজনার আবহে হুঙ্কার খাজা আসিফের

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত সংঘাত চরম আকার ধারণ করেছে। রাতভর চলা সংঘর্ষের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কড়া হুঁশিয়ারি দিয়ে জানান, তাঁদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। আফগানিস্তানের পক্ষ থেকে ক্রমাগত হামলার জবাবে পাকিস্তানি বাহিনী পাল্টা আঘাত হানছে বলে তিনি দাবি করেন। অন্যদিকে, তালেবান অভিযোগ করেছে যে পাকিস্তানের বিমান বাহিনী আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বোমাবর্ষণ করেছে।
এই পরিস্থিতির জন্য সরাসরি আফগানিস্তান ও ভারতকে অভিযুক্ত করেছেন খাজা আসিফ। তাঁর দাবি, ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর আফগানিস্তানকে কার্যত একটি ‘ভারতীয় উপনিবেশে’ পরিণত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, তালেবানরা ভারতের প্রতিনিধি হিসেবে কাজ করছে এবং সেখানে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাসবাদ রপ্তানি করা হচ্ছে। কূটনৈতিক প্রচেষ্টায় কোনো সুফল না আসায় পাকিস্তান এখন কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে।
খাজা আসিফ আরও জানান, গত ৫০ বছরে পাকিস্তান প্রায় ৫০ লক্ষ আফগান শরণার্থীকে আশ্রয় দিয়েছে। বর্তমানে লক্ষ লক্ষ আফগান নাগরিক পাকিস্তানে জীবিকা নির্বাহ করলেও দেশটি ক্রমাগত হামলার শিকার হচ্ছে। পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় কোনো আপস করা হবে না বলে তিনি স্পষ্ট করেছেন। এই সংঘাত এখন প্রকাশ্য যুদ্ধের রূপ নিচ্ছে বলে কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।