আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শুরু হলো সরাসরি যুদ্ধ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, শুরু হলো সরাসরি যুদ্ধ

আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কান্দাহার ও পাকতিকায় জোরালো বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। শুক্রবার ভোরের এই হামলায় কেঁপে ওঠে গোটা কাবুল শহর। পাকিস্তানের তথ্যমন্ত্রী আত্তাউল্লাহ তারার এই অভিযানকে ‘সরাসরি যুদ্ধ’ হিসেবে ঘোষণা করেছেন।

পাকিস্তানের দাবি, তাদের এই পাল্টা হামলায় ১৩৩ জন তালেবান সদস্য নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। অন্যদিকে, আফগান তালেবান এই হামলার কঠোর জবাব দেওয়ার দাবি করেছে। তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, পাল্টা অভিযানে ৫৫ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক মাধ্যমে জানিয়েছেন, ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। এর বিপরীতে সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে সাহসের সঙ্গে তা মোকাবিলার ঘোষণা দিয়েছেন। সীমান্ত এলাকায় উত্তেজনা চরম আকার ধারণ করায় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *